ইউটিউবে পর্যবেক্ষণ বাড়াবে গুগল

১৩ জুলাই, ২০২০ ১০:০০  
ভুয়া খবর এবং অবৈধ কনটেন্টের বিস্তার ঠেকাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করতে যাচ্ছে ইউটিউব। কোরিয়া কমিউনিকেশনস কমিশনের (কেসিসি) চেয়ারম্যান হান স্যাং-হাইউকের সঙ্গে ভিডিওকনফারেন্সে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গুগলের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট নিল মোহান। কোভিড-১৯ বিষয়ে ভুয়া খবর এবং সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ‘হাই-প্রোফাইল’ ডিজিটাল যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার কারণে ইউটিউবের কাছে এমন সহযোগিতার অনুরোধ জানিয়েছিলেন হান নিজেই। এরপরই আরো কঠোর ও নিবিড় পর্যবেক্ষণের পদক্ষেপ নিয়েছে গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। গত মার্চে এক ব্লগ পোস্টে অ্যালফাবেট এবং গুগল প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, করোনাভাইরাস বিষয়ে বিপজ্জনক এবং বিভ্রান্তিকর হাজার হাজার ভিডিও ইউটিউব থেকে সরিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে এই কনটেন্টগুলো সরিয়েছে গুগল। করোনাভাইরাস মহামারীকে পুঁজি করে লাভবান হওয়ার চেষ্টা করছিলো এমন হাজারো বিজ্ঞাপন সরিয়েছেন তারা।